রিয়াদে হামলায় আহত ১ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর; যাদের মধ্যে ৪ জন বর্তমানে শঙ্কামুক্ত হলেও এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার বিকেল সোয়া ৩টার দিকের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এছাড়া আহত ২৭ জন বাংলাদেশির মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ ভিসার যাত্রী।

আহত বাংলাদেশিদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত ৫ জনের মধ্যে ওমরাহ পালনে আসা নওগাঁর বাসিন্দা সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করতে এবং শারীরিক অবস্থার আপডেট পেতে দূতাবাস কর্তৃপক্ষ হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

ঘটনার পর বাংলাদেশ থেকে আসা এবং বাংলাদেশগামী প্রায় ৫০০ জন বাংলাদেশি রিয়াদ বিমানবন্দরে আটকে পড়েছিলেন। এদের মধ্যে ওমরাহ পালনে আসা ১৭ জনকে ম্যারিয়ট হোটেল, ২৫ জনকে রেডিসন ব্লু হোটেল এবং ৪০ জনকে প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে স্থানাস্তর করা হয়েছে।

অন্যদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইন্সের বাতিল হওয়া ‘SV804’ ফ্লাইটের প্রায় ৪০০ জন বাংলাদেশি যাত্রীকে বিকল্প হিসেবে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যে ৩ জন বাংলাদেশি পাসপোর্ট হারিয়েছেন, তাদের জরুরি ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।

এদিকে, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে রিয়াদে নতুন কর্মী আসা, সাধারণ কর্মী ও রোগীদের দেশে ফেরা এবং মরদেহ পরিবহন ব্যাহত হবে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি সেবায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

Related Articles

Back to top button