দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি সহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে সার খাতে আলজেরিয়ার সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, উভয় দেশই জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের ঝুঁকিতে রয়েছে এবং এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা ও আলজিয়ার্স যৌথভাবে কাজ করতে পারে। পাশাপাশি আলজেরিয়ায় বাংলাদেশের পচনশীল ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর ব্যাপারে উৎসাহ দেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা, সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফর বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা প্রসারিত করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।




