ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

গাজীপুরের চন্দ্রায় দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সফরকালে তারা ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডআই) কার্যক্রম এবং বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা দেখে প্রশংসা প্রকাশ করেন।

এমইএস-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামানের নেতৃত্বে প্রতিনিধিদলটিতে উপস্থিত ছিলেন ডিরেক্টর ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ এমইএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনের সময় তাঁদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস. এম. মাহবুবুল আলম ও কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

প্রতিনিধিদলের সদস্যরা ওয়ালটনের ডিসপ্লে সেন্টার, বিভিন্ন প্রডাকশন প্ল্যান্ট ও আরঅ্যান্ডডি বিভাগ ঘুরে দেখেন। তারা লিফট, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোলার প্যানেল, ব্যাটারি, ক্যাবল, কম্প্রেসরসহ অন্যান্য হাই-টেক ইলেকট্রনিক্স পণ্যের তৈরি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, ওয়ালটনের বৃহৎ উৎপাদন সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য বাস্তবিকই প্রশংসনীয়। বিশেষ করে তাদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অত্যন্ত শক্তিশালী। তিনি উল্লেখ করেন, স্থানীয় ইন্ডাস্ট্রিকে অগ্রাধিকার দেওয়ার নীতি অনুযায়ী ওয়ালটন সবসময় তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এবং দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে তাদের অবদান অনস্বীকার্য।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর ডিরেক্টর ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম ওয়ালটনের বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি কাঠামোর পাশাপাশি গ্রিন ম্যানুফ্যাকচারিং বা পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এস. এম. মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে ওয়ালটন অঙ্গীকারবদ্ধ। জাতীয় পর্যায় থেকে প্রাপ্ত পরামর্শ দেশীয় ব্র্যান্ড হিসেবে আমদানি নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থান বাড়াতে আরও বেশি অনুপ্রেরণা জুগাবে।

পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ম্যানেজিং ডিরেক্টরের বিজনেস কো-অর্ডিনেটর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলীসহ অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভ ও বিভাগীয় প্রধানগণ।

Related Articles

Back to top button