সীমান্তবর্তী ২ হাজার ৭২৭ পূজামণ্ডপে নিরাপত্তায় থাকছে ১০ হাজার বিজিবি সদস্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে এবং বিজিবির ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী এসব পূজামণ্ডপের সুরক্ষায় প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, দুর্গাপূজা ঘিরে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি বাহিনী। এছাড়া দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে প্রয়োজন সাপেক্ষে অস্থায়ী ক্যাম্প স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি উল্লেখ করেন, সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ওপর ভিত্তি করে দায়িত্বের পরিধি নির্ধারিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মালম্বী নাগরিকেরা যাতে অত্যন্ত নিরাপদে ও নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Related Articles

Back to top button