চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

চট্টগ্রামের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ প্রায় ২১ হাজার পিস প্রসাধন ও ই-সিগারেটের তরল পদার্থ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো এই চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে রেলপথে চট্টগ্রামে আনার পর ডাক বিভাগের গাড়িতে করে তা চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। পরে সেখানে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

জব্দ করা ২১ হাজার ৩১ পিস পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ছিল ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং বাকি দুটি কার্টনে ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড বা ই-সিগারেটের তরল রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, সমুদ্রবন্দর দিয়ে চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে। কাস্টমসের নজরদারি এড়াতেই একটি চক্র ডাক বিভাগের ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করে এসব নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে এ ধরনের নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল। চক্রটির বিরুদ্ধে এই ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে কাস্টমস কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button