চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ৪ কর্মী


পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের চারজন কর্মী।
সোমবার রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটাররা বর্তমানে জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে অবজারভেশনে রয়েছেন।
অসুস্থ ফায়ার ফাইটাররা হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান, একই স্টেশনের লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
এ বিষয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে হাসপাতালে আনা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান যে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এই ফায়ার ফাইটারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।




