মাগুরায় রাতের আঁধারে ১ হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক হাজার ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দীর্ঘদিনের পরিশ্রম, বিনিয়োগ ও স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক জয়দার শেখ। এ ঘটনায় তাঁর প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের বাসিন্দা। তিনি জানান, বাড়ির পূর্ব পাশে গোরস্তানসংলগ্ন প্রায় ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে এই কলাবাগান গড়ে তুলেছিলেন। এনজিও এবং বিভিন্ন মাধ্যম থেকে ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে তিনি বাগানটির সার্বিক পরিচর্যা করে আসছিলেন। গাছগুলোতে ইতোমধ্যে কলা আসতে শুরু করেছিল এবং আর কিছুদিন পরেই কলা বিক্রি করে ঋণের টাকা শোধ করার কথা ছিল। কিন্তু শত্রুতাবশত রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানের সব কলাগাছ কেটে ফেলে।

এনজিওর ঋণের কিস্তি পরিশোধ এবং পরিবারের ভরণপোষণ নিয়ে বর্তমানে চরম দুশ্চিন্তায় দিন কাটছে এই কৃষকের। তিনি আক্ষেপ প্রকাশ করে সরকারের কাছে এই নজিরবিহীন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে ফলন্ত কলাগাছ কেটে ফেলার এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ইউপি সদস্য আলম নবীসহ স্থানীয় কলা ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, এই বাগান থেকে নিয়মিত কলা কিনে ঢাকায় সরবরাহ করা হতো। কলাগাছগুলো কেটে ফেলায় কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার বিবরণ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার শনিবার রাতে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, কলাগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button