স্বামীর মদের ব্যবসায় স্ত্রীর কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

চট্টগ্রামে ১০ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগে রমা বিশ্বাস (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করা হয়। দুদকের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রমা বিশ্বাস চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার এলাকার শচীন্দ্রলাল ভবনের বাসিন্দা এবং নগরের কোতোয়ালি এলাকার প্রয়াত আলোচিত মদ ব্যবসায়ী অনুপ বিশ্বাসের স্ত্রী।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদ ১১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৬৩৫ টাকা এবং অস্থাবর সম্পদ ৭২ লাখ ৬৮ হাজার ২২৯ টাকা।

অনুসন্ধানকালে ব্যবসা, গৃহসম্পত্তি ও অন্যান্য উৎস থেকে তাঁর বৈধ মোট আয় পাওয়া যায় ২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। একই সময়ে তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৯৬ লাখ ৪৬ হাজার ৬৬৮ টাকা। পারিবারিক ব্যয় বাদ দেওয়ার পর তাঁর নিট বৈধ সঞ্চয় বা আয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। তবে অর্জিত সম্পদের সঙ্গে এই আয়ের তুলনা করে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০০৮ সালের ১৩ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে এসব অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৭ অক্টোবর প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। তদন্তকালে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button