চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্যের যোগদান

আন্দোলন ও অচলাবস্থার ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে চুয়েট ক্যাম্পাসে পৌঁছান। এ সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলতে দেখে তা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে উপাচার্যের নিজ কার্যালয়ে আসন গ্রহণ করেন।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চুয়েটে তীব্র আন্দোলন চালিয়ে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মূল দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন।

একই ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি একাংশও কর্মবিরতি পালন করে আসছেন। ফলে দীর্ঘ তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই তাঁর ক্যাম্পাসে আগমন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আন্দোলনে প্রশাসনিক কার্যক্রম স্থবির থাকায় সোমবার সকালে তালা ভেঙে তাঁর প্রবেশ ক্যাম্পাসে নতুন আলোড়ন তৈরি করেছে।

এ বিষয়ে পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে নতুন উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Articles

Back to top button