আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার দশম সাক্ষ্য


জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম পরিচালিত হবে।
প্রসিকিউশন জানায়, এর আগে গত ৮ অক্টোবর দশম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত থাকলেও অন্য একটি মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কারণে সময়ের আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিন নির্ধারণ করেন। এই চাঞ্চল্যকর মামলায় ইতোমধ্যেই চারজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং নানক-তাপসসহ বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে সংঘটিত নৃশংসতা ও হত্যার ঘটনায় আসামিদের উসকানি ও প্রত্যক্ষ অংশগ্রহণের অভিযোগে গত ১০ মে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।




