দুর্গাপূজা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা

আসন্ন দুর্গাপূজায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিষদ আলোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটি।

গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুর্গাপূজায় সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং সব ধরনের উসকানিমূলক বা বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালনের জোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান যে, আসন্ন দুর্গাপূজা ঘিরে একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত ও অপপ্রচার চালানোর চেষ্টা করতে পারে। এসব চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের সদা সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করার কথা জানান তিনি। পূজামণ্ডপগুলোতে স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের গতিশীলতা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পাশাপাশি দেশের তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ডেঙ্গুর প্রকোপ রোধে বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের সক্রিয়তা বাড়ানোর তাগিদ দেন নেতারা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাতিসংঘ সাধারণ অধিবেশন ও জাপান সফরসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

Related Articles

Back to top button