ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে হস্তান্তরের চুক্তির প্রতিবাদে রাজধানী আগারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সিপিবি ও বাসদসহ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা থেকে আগারগাঁওয়ের ‘ইনভেস্ট বাংলাদেশ’ (সাবেক বিডা) কার্যালয়ের সামনে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর ব্যানারে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা জানান, দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনালটি ১৫ বছরের জন্য বিদেশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত দেশীয় স্বার্থবিরোধী। তারা তাৎক্ষণিকভাবে এই চুক্তি বাতিলের দাবি জানান এবং নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড় ৩টায় বিডা ভবনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনসেশন চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারিত ছিল। তার আগেই দুপুর পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অ্যাকশনে যায় এবং লাঠিপেটা শুরু করে। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, “বন্দর রক্ষার দাবিতে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। কিন্তু পুলিশ হঠাৎ করেই বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিপেটা করে। এতে আমি নিজে এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।”

Related Articles

Back to top button