মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের খবর গুজব, সংস্কার শেষে হবে নান্দনিক পুনর্স্থাপন: ডিএনসিসি


রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি স্পষ্ট করেছে যে, নামফলকগুলো সরানো হয়নি; বরং এলাকাটির সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজ শেষে সেগুলোকে আরও নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে পুনরায় স্থাপন করা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএনসিসির মুখপাত্র মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মিরপুর-১০ নম্বরে ডিএনসিসি আয়োজিত ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের উদ্বোধনের পর একটি অসাধু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক সরিয়ে ফেলা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়।
ডিএনসিসি জানায়, পূর্বের অবৈধ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মিরপুর-১০ গোলচত্বরের পুলিশ বক্সটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে সেই পুলিশ বক্সের সংস্কার এবং পুরো এলাকার সার্বিক সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়।
চলমান এই সংস্কারকাজের সুবিধার্থেই পুলিশ বক্সের দেয়ালে থাকা নামফলকগুলো সাময়িকভাবে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী, শহীদদের প্রতি শ্রদ্ধা ও অবদান স্মরণে নতুন নকশায় নামফলকগুলো এমনভাবে বসানো হবে যাতে তা পথচারী ও সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে দৃশ্যমান ও আকর্ষণীয় হয়।
সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হওয়া মাত্রই নামফলকগুলো পুনরায় স্থাপন করা হবে জানিয়ে ডিএনসিসি কর্তৃপক্ষ কোনো ধরনের অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।




