পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস চালুতে বিএসইসির সহায়তার আশ্বাস


দেশের পুঁজিবাজারে বিনিয়োগের বৈচিত্র্য বৃদ্ধি ও বাজারের গভীরতা বাড়াতে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল—‘ডাইভারসিফিকেশন ফর রেজিলিয়েন্স: দ্য রোল অব কমোডিটি ডেরিভেটিভস ইন আ মডার্ন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও’।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী ব্যক্তিশ্রেণির, তাই তাদের স্বার্থ রক্ষা ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত করা কমিশনের প্রধান দায়িত্ব।” তিনি আরও জানান, বাজার সংস্কারের পাশাপাশি করপোরেট বন্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের (রেইট) মতো নতুন পণ্য চালুর বিষয়ে কাজ করছে কমিশন।
সেমিনারে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার জানান, কমোডিটি ডেরিভেটিভস বাজারের আইনি ও কারিগরি কাঠামো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরি ও মক ট্রেডিং চলছে। প্রাতিষ্ঠানিক ও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারত্ব বাড়াতে এই বাজার দ্রুত চালু করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসইর জেনারেল ম্যানেজার মো. মুর্তুজা আলম। সেমিনার শেষে বিএসইসি চেয়ারম্যান সিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে পৃথক এক বৈঠকে প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।




