পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩


রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড়সহ চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ওয়াইজঘাটের ‘সামাদ প্লাজা’র একটি গুদামে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন—মো. সাইফুর রহমান (৩৭), মো. সংগ্রাম হোসেন (৩০) ও মো. বাবু (৩৭)। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কাপড় এনে সামাদ প্লাজার নিচতলার গুদামে মজুত রাখা হয়েছিল। সেখান থেকে পাইকারি বিক্রির প্রস্তুতি চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধভাবে কাপড় সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাপড়সহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এই চোরাচালান সিন্ডিকেটের পেছনে আর কারা জড়িত এবং কাপড়ের মূল উৎস কোথায়, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।




