বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: রাজধানীর বিকেটিটিসি থেকে আটক ১২ জনকে কারাদণ্ড ও জরিমানা


বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) র্যাব/এসআরবি-৪-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই দালাল চক্রের সদস্যদের হাতেনাতে আটক করে।
আটককৃত ১২ জনের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে পটুয়াখালীর সবুজ ও সিরাজগঞ্জের শামীমকে ৩ মাস; সিরাজগঞ্জের সুজনকে ১ মাস; পাবনার শাহিনকে ২১ দিন; কিশোরগঞ্জের আবুল বাসারকে ১৫ দিন এবং ভোলার হারুন ও শরীয়তপুরের সুরুজ মিয়াকে ৭ দিন করে সাজা দেওয়া হয়। এছাড়া অন্য ৫ জনকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বিকেটিটিসি ও বোয়েসেলের (BOESL) সহায়তায় দীর্ঘদিন ধরে এই চক্রটির ওপর নজরদারি চালানো হচ্ছিল। চক্রটি প্রার্থীদের লিখিত পরীক্ষায় পাস করানো এবং বিদেশে পাঠানোর নিশ্চয়তা দিয়ে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিত।
তিনি আরও স্পষ্ট করেন যে, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠাতে কোনো ফি লাগে না—শুধুমাত্র পাসপোর্ট থাকলেই বিনামূল্যে যাওয়া সম্ভব। প্রতারক চক্রটি সরকারের এই সুবিধা ও বিকেটিটিসি-র ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তি ও অভিভাবকদের যেকোনো আর্থিক লেনদেনের পূর্বে সরকারি মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।




