মালয়েশিয়ায় সাজা শেষে বন্দি বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ হাইকমিশনের


মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে কারাদণ্ড ভোগ শেষে ইমিগ্রেশন ডিপোতে বন্দি থাকা বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে সক্রিয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে গত ৬ অক্টোবর হাইকমিশনের লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেরেঙ্গানু রাজ্যের আজিল ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে সেখানে অবস্থানরত ৮৫ জন বাংলাদেশির সঙ্গে দেখা করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল বন্দি বাংলাদেশি নাগরিকদের সার্বিক কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়। একই সঙ্গে ইমিগ্রেশন ক্যাম্পে থাকা ব্যক্তিরা যেন দেশে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, সেই সুযোগ তৈরি করে দেয় প্রতিনিধি দলটি।
পরবর্তীতে প্রতিনিধি দল আজিল ইমিগ্রেশন ক্যাম্পের কমান্ডারের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বন্দি বাংলাদেশিদের দ্রুত দেশে প্রত্যাবাসনের জন্য ক্যাম্প কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা চাওয়া হয়। ক্যাম্প কর্তৃপক্ষ সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে জানায় যে, বিমানের টিকিটের ব্যবস্থা হওয়া সাপেক্ষে বন্দিরা পরবর্তী ফ্লাইটেই বাংলাদেশে ফিরতে পারবেন।
উল্লেখ্য, কলিং ভিসায় গিয়ে দীর্ঘদিন কাজ না পেয়ে অন্য কোথাও কাজ করা, দালালের খপ্পরে পড়ে ট্রাভেল ভিসায় মালয়েশিয়ায় গিয়ে থেকে যাওয়া এবং এক খাতের (যেমন: নির্মাণ খাত) ভিসা নিয়ে অন্য খাতে (যেমন: সার্ভিস সেক্টর) কাজ করা সহ বিভিন্ন কারণে বহু বাংলাদেশি গ্রেপ্তার হয়ে দেশটির জেল ও ইমিগ্রেশন ডিপোতে বন্দি আছেন। সাজা শেষে এসব প্রবাসী বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস নিয়মিত বিভিন্ন ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করে প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিশ্চিত করছে।




