বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে রোববার সিভাসুতে ‘ফুড অলিম্পিয়াড’


বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফুড অলিম্পিয়াড’। বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আগামী রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় অনুষদের ভবনের ষষ্ঠ তলার নতুন শ্রেণিকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরি, মানসম্মত ও নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহ প্রদান এবং জনস্বাস্থ্যের সঙ্গে খাদ্যের সম্পর্ক বোঝানোই এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। আয়োজক অনুষদের শিক্ষার্থীদের পাশাপাশি সিভাসুর অন্যান্য অনুষদের আগ্রহী শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতাটি এক ঘণ্টার একটি লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় খাদ্য বিজ্ঞান, পুষ্টি, খাদ্য নিরাপত্তা, গুণগত মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ পদ্ধতি, খাদ্যে ভেজাল ও দূষণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হবে। আয়োজকরা মনে করছেন, তরুণ প্রজন্মের মধ্যে খাদ্য সম্পর্কিত বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতে এবং একটি টেকসই ও নিরাপদ খাদ্য ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষদ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে




