দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না: ডিসি ফরিদা খানম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পূজামণ্ডপে বিশৃঙ্খলা, উসকানি, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানি কিংবা দুষ্কৃতিকারীদের তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় সাভার উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু)।

জেলা প্রশাসক ফরিদা খানম জানান, প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি ধাপে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত দায়িত্ব পালন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আইপি ক্যামেরা স্থাপন এবং ভিডিও সংরক্ষণ নিশ্চিত করার কথা বলেন।

গুজব প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিসি ফরিদা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে গুজব ছড়ানোর আগেই তা শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ অপতৎপরতা চালালে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তার বিষয়ে তিনি প্রতিটি মণ্ডপে কমপক্ষে ৫ কেজি ধারণক্ষমতার অগ্নিনির্বাপক যন্ত্র, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জেনারেটর রাখার নির্দেশ দেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মণ্ডপ ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পূজা শেষে দ্রুত বর্জ্য অপসারণের তাগিদ দেন তিনি।

সভায় জানানো হয়, এ বছর সাভার উপজেলায় মোট ২৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button