চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু


চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাছুম (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে ডি টি রোডের ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাছুম গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাছুম ডি টি রোডের ধনিয়ালা পাড়ার মগবুল মঞ্জিল এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মৃত রমজান আলী। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই চালককে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




