পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ


শারদীয় দুর্গাপূজা চলাকালীন মদ খেয়ে মাতলামি বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, পূজামণ্ডপে মদ খেয়ে নাচানাচি করলে পুলিশ কাউকে রেহাই দেবে না, সরাসরি আটক করে আইনগত ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় পুলিশ সুপার এই মন্তব্য করেন।
ফেনী সীমান্তসংলগ্ন জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব বেশি উল্লেখ করে এসপি বলেন, পূজা চলাকালে কেউ মদ খেয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সরাসরি ধরে নিয়ে আসা হবে। সেখানে তাদের মেডিকেল টিমে এনে ওয়াশ করানোর পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই-একজন মদ খেয়ে মাতলামি করে সার্বিক পরিবেশ নষ্ট করে, যাদের দেখাদেখি অন্যরাও জড়িয়ে পড়ে। তাই পুলিশ এসব অনিয়ম কঠোর হাতে দমন করবে।
তিনি আরও জানান, শহরের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে এবং প্রতিমা তৈরির সময় থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা কমিয়ে আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশৃঙ্খলাকারী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে এবং কোনো ধরনের গুজব যেন না ছড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, ফেনী জেলায় এবার গতবারের চেয়ে তিনটি বেড়ে মোট ১৫৩টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।




