গাইবান্ধায় স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফন শেষ হওয়ার মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্ত্রী আমিনা বেগম (৬০)। আকস্মিকভাবে একই দিনে পরিবারের দু’জন প্রিয় মানুষের এমন প্রয়াণে পুরো সাহাবাজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মতিনবাজার) গ্রামে স্বামী-স্ত্রীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রথমে স্ত্রী আমিনা বেগম স্ট্রোকে আক্রান্ত হন। স্ত্রীর এমন হঠাৎ অসুস্থতার শোক সহ্য করতে না পেরে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে সুস্থ স্বামী আব্দুল জলিলও মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর চিকিৎসা শেষে দুজনকেই বাড়িতে নিয়ে আসা হয়।

গত সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক আব্দুল জলিল। মঙ্গলবার বিকেল ৪টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু স্বামীর দাফন শেষ করে স্বজনরা বাড়িতে ফেরার পরপরই বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন স্ত্রী আমিনা বেগমও শেষনিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ মাগরিব তাকেও স্বামীর কবরের পাশেই দাফন করা হয়।

নিহতদের সন্তান আলম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা-মায়ের মধ্যে আজীবন অকৃত্রিম ভালোবাসা ছিল। একজন অসুস্থ হলে অন্যজনও সহ্য করতে পারতেন না। সে কারণেই বোধহয় একই দিনে দুজনে পৃথিবী ছেড়ে চলে গেলেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একই দিনে অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল ও হৃদয়বিদারক। ঘটনাটি পুরো এলাকায় গভীর শোকের আবহ তৈরি করেছে।

Related Articles

Back to top button