যেসব রিসোর্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে

সুন্দরবনের ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যে ১৮টি রিসোর্ট অপসারণ ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো— অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়া বন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস এবং বনলতা ইকো কটেজ।

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে এই নির্দেশনা পাঠান।

  • ১০টি পুরনো রিসোর্ট: অনুমোদন চেয়ে আবেদন করলেও সঠিক কাগজপত্র জমা দিতে না পারায় ৩০ সেপ্টেম্বর তাদের আবেদন বাতিল করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • ৮টি নতুন রিসোর্ট: গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের পূর্ববর্তী নির্দেশ মানায় দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় এগুলোকে ৭ দিনের মধ্যে কার্যক্রম বন্ধ এবং ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন না করা হলে নিয়মিত মামলাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Related Articles

Back to top button