চাকরির প্রলোভনে নারীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মাহবুব কারিকর নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল রোববার (৪ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ওসমান গনি (জেলা ও দায়রা জজ) এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাহবুব বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকী এলাকার আ. কাদেরের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন ভুক্তভোগী নারী ও তার স্বামীকে বিদেশে পাঠানো এবং চাকরির লোভ দেখিয়ে চট্টগ্রামে নিয়ে যান আসামি মাহবুব। সেখানে কৌশলে নারীর স্বামীকে দূরে সরিয়ে মাহবুব ওই নারীকে নিয়ে পালিয়ে যান এবং দীর্ঘদিন তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন।

পরবর্তীতে ২০১৪ সালের ২৩ জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button