ঢামেকের বাথরুমে তরুণীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ, প্রশাসনিক ব্লকে রক্তমাখা ছুরি ঘিরে রহস্য

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ঝুমা রানী দে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই দিন প্রশাসনিক ব্লকের সামনে রক্তমাখা ছুরি উদ্ধারের ঘটনায় এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

আজ (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাথরুমের ৪ নম্বর কক্ষ ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরিচ্ছন্নতাকর্মীরা ডেকে সাড়া না পেয়ে আনসার ও পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে ভোরে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেটের সামনে ফোঁটা ফোঁটা রক্ত ও একটি রক্তাক্ত স্টিলের ফল কাটার ছুরি দেখতে পান কর্মচারীরা। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং পানির লাইনের সাথে গলায় ফাঁস লাগানো ও হাত কাটা অবস্থায় মরদেহটি পাওয়ায় ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।

নিহতের ব্যাগ থেকে তন্ময় মণ্ডল নামের এক ব্যক্তির তথ্য সম্বলিত ডাচ-বাংলা ব্যাংকের স্লিপ ও একটি চিরকুট উদ্ধার করা হয়। ওই নম্বরের সূত্র ধরে প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম ঝুমা রানী দে (৩১), বাড়ি শান্তিনগর এলাকায়। তদন্তের স্বার্থে ডাচ-বাংলা ব্যাংকের নথিতে থাকা মোবাইলটি বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাটির রহস্য উন্মোচনে আলামত সংগ্রহ ও তদন্ত জোরদার করেছে।

Related Articles

Back to top button