লালন মাজার প্রাঙ্গণে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সাধক লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)—এর কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাজারের মূল গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে, যার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা সৃষ্টি হয়।

ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ জানান, ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসে নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে বাউল শিল্পীদের গান শুনছিলেন। পরে মাজার থেকে বের হয়ে মূল গেটের সামনে পৌঁছালে হঠাৎ একদল লোক তার ওপর হামলা চালায় ও ধাওয়া করে। এ সময় দ্রুত তাকে পুনরায় মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধার করে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে নিয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশি প্রটোকল বা সহযোগিতায় এলাকা ছাড়ার কথা থাকলেও তারা পরবর্তীতে পুলিশি প্রটোকল ছাড়াই চলে যান এবং তাৎক্ষণিকভাবে মামলা বা আইনি পদক্ষেপের বিষয়ে কিছু জানাতে পারেননি। এই হামলার সুনির্দিষ্ট কারণ কিংবা হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Back to top button