বাড়ি লিখে নিয়ে মাকে ভরণপোষণ ও ভাড়ার টাকা না দেওয়ার অভিযোগ

ময়মনসিংহ নগরের ভাটিকাশর এলাকায় পাঁচতলা বাড়ি নিজের নামে লিখে নেওয়ার পর ৮০ বছর বয়সী মা রহিমা খাতুনকে ভরণপোষণ না দেওয়া এবং ভাড়ার টাকা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে ছোট মেয়ে ফারজানা সুলতানা কাবেরির বিরুদ্ধে।

গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ওই বৃদ্ধা মা।

অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিধবা রহিমা খাতুনের কোনো পুত্রসন্তান নেই; তার দুই মেয়ের মধ্যে ফারজানা সুলতানা কাবেরির স্বামী সরকারের একজন অতিরিক্ত সচিব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২৫ বছর আগে তার মেয়ে ও মেয়ের জামাই প্রতারণার মাধ্যমে পাঁচতলা বাড়িটি নিজেদের নামে লিখে নেন এবং এরপর থেকেই তাদের আচরণে পরিবর্তন আসে।

বর্তমানে বাড়িটির অন্য ফ্ল্যাটগুলোর ভাড়ার বেশির ভাগ টাকা তার মেয়ে নিয়ে যান, যার ফলে বয়সজনিত রোগে আক্রান্ত হলেও অর্থের অভাবে তিনি নিয়মিত ওষুধ কিনতে পারছেন না। মেয়ের কাছে ভরণপোষণ চাইলে খারাপ আচরণ করা হয় এবং মেয়ের স্বামীর প্রশাসনিক প্রভাব খাটিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জীবনের শেষ সময়ে নিরাপত্তাহীনতায় ভোগা এই বৃদ্ধা প্রতারণার মাধ্যমে লিখে নেওয়া বাড়ি ফেরত পাওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে মায়ের এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মোবাইল ফোনে ফারজানা সুলতানা কাবেরি দাবি করেছেন যে অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি জানান, তিনি ঢাকায় বসবাস করেন এবং বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত প্রায় ৬০ হাজার টাকা থেকে প্রতি মাসে ২৭ হাজার টাকা মাকে দেওয়া হয়, আর বাকি টাকা দুই বোন ভাগ করে নেন। মায়ের স্বজনদের ইন্ধনে এই অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Related Articles

Back to top button