১০ বছরের সম্পর্কের ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তারা যৌথভাবে নিজেদের বৈবাহিক সম্পর্কের ইতি টানছেন।

গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতির মাধ্যমে ভক্ত ও অনুরাগীসহ সংশ্লিষ্ট সকলকে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা।

সামাজিক মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে প্রীতম হাসান জানান, হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। দীর্ঘদিনের জানাশোনা ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়ার কিছু স্পষ্ট পার্থক্যের কারণে অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং উভয় পরিবারের সমর্থন ও সম্মতিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্তমানে তাঁদের আইনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

একসাথে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার জন্য পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে নিজেদের আলাদা পথচলায় একে অপরের জন্য সম্মান ও শুভকামনা অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।

জীবন পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে এক পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা দম্পতি।

Related Articles

Back to top button