সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং তা আরও বৃদ্ধির আশঙ্কার মধ্যে রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ‘জানফিদা’ (নিজের জীবন উৎসর্গ করা) ক্যাম্পেইনের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ইরানের বার্তাসংস্থা ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গতকাল রবিবার (৪ অক্টোবর) রাজধানী তেহরানের তিনটি মিলিটারি ট্রেনিং সেন্টারে এই কার্যক্রম শুরু হয়।

সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষার উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আরিয়ান-নাজাদ জানিয়েছেন, সেনাবাহিনীর চারটি ইউনিটের সেনারা এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।

শুরুতে সাধারণ এবং পরবর্তীতে আরও উন্নত প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড ও প্যারামিলিটারি বাসিজের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলোতে সাধারণ মানুষকে সামরিক প্রস্তুতি, স্থানীয় নিরাপত্তা, নজরদারি, উদ্ধার অভিযান এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইরান এমন অন্তত এক হাজার ‘জানফিদা’ ব্যাটালিয়ন তৈরি করতে চায়, যারা সংকটময় সময়ে দেশের প্রতিরক্ষায় এগিয়ে আসবে। তবে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণের এই উদ্যোগের ফলে একটি সহায়ক সামরিক কাঠামো তৈরি হচ্ছে কি না এবং কারা এতে অংশ নিচ্ছেন, তা নিয়ে দেশটির কিছু মহলে প্রশ্নও উঠেছে।

Related Articles

Back to top button