প্রার্থনা করতে বলে পেছন থেকে কো-পাইলটের হামলা


দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে সহকর্মীর হামলার শিকার হয়েছেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছাড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, গত বুধবার দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ওমানি নাগরিক ও কো-পাইলট হামাম আল-হামামি প্রথমে তাকে প্রার্থনা করতে বলেন এবং এর পরপরই ককপিটে থাকা জরুরি কুড়াল দিয়ে তার মাথার পেছনে সজোরে আঘাত করতে শুরু করেন।
শনিবার প্রকাশিত ওই ফোনালাপে পাইলট স্মিত জানান, প্রথমে তিনি ভেবেছিলেন বিমানটি বুঝি কোনো বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। কিন্তু পরপর আঘাত আসায় তিনি বুঝতে পারেন কো-পাইলট তাকে আক্রমণ করছেন। ককপিটে থাকা ওই কুড়ালটি মূলত জরুরি পরিস্থিতিতে জানালা বা বিমানের অংশ ভাঙার জন্য রাখা হতো।
আঘাতের পর মাটিতে পড়ে যাওয়ার পরও কো-পাইলট দরজা খুলতে দেননি এবং ক্রুরা বাইরে থেকে কোড দিয়ে প্রবেশের চেষ্টা করলেও তিনি তা আটকে রাখেন। পরবর্তীতে পাইলট স্মিত নিজের সর্বশক্তি দিয়ে ভেতরের লক খুলে দিলে অন্যান্য যাত্রীরা ভেতরে প্রবেশ করে হামলাকারী কো-পাইলটকে নিবৃত করেন। উল্লেখ্য, এই ফ্লাইটের অধিকাংশ যাত্রীই ছিলেন ইসরায়েলি।




