‘দফা বাড়লে ১০-১৬ হবে, এক দফা কেন হবে?’: বিরোধী দলের পদত্যাগের দাবিতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর প্রশ্ন

বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি ও সরকারের পদত্যাগের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দফা বাড়লে তা আট থেকে ১০ কিংবা ১৬ দফা হতে পারে, কিন্তু তা কমে ‘এক দফা’ কেন হবে?

আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী বারুনী ঘাটে করতোয়া নদীর তীর রক্ষা বাঁধের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার মাত্র সাত মাস পার হয়েছে এবং ইতোমধ্যেই দেশের মানুষের জন্য নির্বাচনী ইশতেহারের উন্নয়নমুখী কাজগুলো দৃশ্যমান করা হচ্ছে। পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট পাওয়া এই সরকারের কোনো ভুলত্রুটি, দুর্বলতা বা দুর্নীতি থাকলে তা সংসদে বা গঠনমূলকভাবে সমালোচনা করার আহ্বান জানান তিনি। একই সাথে কোনো সুনির্দিষ্ট ইস্যু বা কর্মসূচি ছাড়া সরকারের পতন বা এক দফার আন্দোলনকে তিনি বিভ্রান্তিকর ও চক্রান্তমূলক বলে অভিহিত করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে খাল খনন ও পানি সংরক্ষণের মতো উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, পঞ্চগড়সহ বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়া রোধে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসকদের ভাতা প্রদানসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানা কর্মসূচি তৃণমূল পর্যায় পর্যন্ত প্রসারিত হচ্ছে।

বিরোধী দলকে অহেতুক অপপ্রচারে লিপ্ত না হয়ে ধৈর্য ধারণ করার তাগিদ দিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, পাঁচ বছর মেয়াদ শেষে জনগণই তাদের ভোটাধিকারের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগ পর্যন্ত গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button