বাকিতে সিগারেট না পেয়ে দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিল যুবক


নেত্রকোণার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইব্রাহীম খলিল নামে এক মুদি দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামের এক যুবকের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন রাতে দোকানে গিয়ে বাকিতে সিগারেট চাইলে ব্যবসায়ী ইব্রাহীম তা দিতে অস্বীকৃতি জানান। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে সুমন পেট্রোল এনে ইব্রাহীম ও তার দোকানের মালামালের ওপর ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানটির মালামাল ভস্মীভূত হওয়ার পাশাপাশি ব্যবসায়ী ইব্রাহীমের শরীরের প্রায় ৪০ শতাংশ অংশ আশঙ্কাজনকভাবে ঝলসে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়েই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




