সাভারে অস্বাস্থ্যকর পরিবেশ ও আইন লঙ্ঘনে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা


ঢাকার সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বেকারিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাভার উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উলাইলের গেন্দায় অবস্থিত ‘ভরসা বেকার্স’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য উপকরণ ছাড়া খাদ্য প্রস্তুত এবং উৎপাদনে অ্যামোনিয়া ব্যবহার সত্ত্বেও পণ্যের মোড়কে তা উল্লেখ না করে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, কর্ণপাড়ার ‘বেকো লাইভ বেকারি’-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে চরম অপরিচ্ছন্নতা, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং লেবেল ছাড়া খাদ্যপণ্য সংরক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার প্রমাণপত্র না থাকায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, সাভার উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।




