মাদক ও বাল্যবিবাহের তথ্য দিলে পুরস্কার দেবে ঢাকা জেলা প্রশাসন

মাদকদ্রব্যের অপব্যবহার ও বাল্যবিবাহ রোধে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে এসব অপরাধের সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করলে তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ এবং বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের খবর জানা থাকলে তা হ্যালো ডিসি প্ল্যাটফর্মে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ দমনে কেবল প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। স্থানীয় পর্যায় থেকে অপরাধের তথ্য দ্রুত পৌঁছালে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। জনগণের অংশগ্রহণ বাড়াতে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া যাবে।

তথ্য দেওয়ার মাধ্যম ও প্রক্রিয়া:

  • অ্যাপ ও ওয়েবসাইট: গুগল প্লে স্টোর থেকে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ডাউনলোড করে অথবা নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে তথ্য দেওয়া যাবে।

  • সরাসরি যোগাযোগ: যেকোনো তথ্যের জন্য সরাসরি ০৯৬৩৯০০৬০৬০ নম্বরে কল করা যাবে।

সঠিক তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে সহায়তা করার পর তথ্যদাতার পরিচয় গোপন রেখেই অভিযান পরিচালনা করা হবে এবং পরবর্তীতে তথ্যদাতার ঠিকানায় উপহার বা পুরস্কার পৌঁছে দেওয়া হবে। প্রশাসনের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়বে এবং সমাজে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে উঠবে।

Related Articles

Back to top button