রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা ক্লিনিকটি দখল করেছিল, তারাই এখন তা পরিষ্কার করার নাটকে নেমেছে।

সোমবার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনের পর তিনি বলেন, ঘটনার পর পরিচ্ছন্নতা কার্যক্রম চালালেও সরকার কিংবা সংশ্লিষ্টদের এই ভূমিকাকে সাধুবাদ জানানো যায় না। কারণ সারা দেশে এমন বহু প্রতিষ্ঠান দখলের শিকার হয়েছে। মোহাম্মদপুরসহ অন্যান্য জায়গার অবৈধ দখলও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে কলমের খোঁচায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন প্রতিষ্ঠানটি পুনরায় দখলের চেষ্টা না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রাড্ডা ক্লিনিকের স্থানে ভবিষ্যতে নতুন ভবন নির্মিত হলেও পুরো ভবনটি যেন ক্লিনিকের জনসেবায় ব্যবহৃত হয় এবং বহুতল ভবন করে বাণিজ্যিকভাবে ভাগ-বাটোয়ারা না করা হয়, সেই দাবি জানান আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের মুখেই এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তাই রাড্ডা ক্লিনিককে জনগণের প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করে অবিলম্বে চুরি হওয়া চিকিৎসা সরঞ্জাম ও টিকার উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং হামলায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পরিদর্শনকালে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button