আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট


বিদেশ ভ্রমণে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে বাংলাদেশে কর্মরত বিদেশি এয়ারলাইনসগুলো টিকিট বিক্রির অর্থ দেশের বাইরে নিজেদের আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করলেও গ্রাহকরা আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কিনতে পারবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়, যা ২০২৫ সালের ১৯ নভেম্বরের নির্দেশনার সংশোধিত রূপ। আগের নিয়মে কেবল যেসব এয়ারলাইনসের অর্থ বাংলাদেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হতো, তাদের টিকিটই আন্তর্জাতিক কার্ডে কেনা যেত।
নতুন নিয়মে বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহারের মাধ্যমে ব্যাংক থেকে লেনদেন অনুমোদন করিয়ে টিকিট কিনতে পারবেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা এসব টিকিটের মূল্য গ্রাহকের বাৎসরিক নির্ধারিত ভ্রমণ কোটা বা ভ্রমণ সীমার হিসাবের বাইরে থাকবে। ব্যাংকগুলো লেনদেন যাচাই সাপেক্ষে গ্রাহকের কার্ডে ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করার সুযোগ পাবে এবং এই লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংককে নিয়মিত জানাতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রি সহজ হবে এবং আন্তর্জাতিক কার্ড ব্যবহারকারী ভ্রমণকারীরাও বাড়তি ঝামেলা থেকে রেহাই পাবেন।




