মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির


ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা ও সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রকে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি জানান, ‘বেদনাদায়ক আঘাত’ সহ্য করার পর মার্কিন বাহিনীকে একপর্যায়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হতে হবে।
বিবৃতিতে কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী ও আরব সাগরে ইরানি বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরে বলা হয়, প্রহরীদের শক্ত অবস্থানের মুখে শত্রুরা এখন আর সীমালঙ্ঘনের সাহস পাচ্ছে না। তবে যখনই তারা কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে, কেবল বড় ধরনের বিপর্যয়ই ডেকে এনেছে। অতি দ্রুত এ অঞ্চল বিদেশি শক্তির উপস্থিতি থেকে মুক্ত হবে বলেও উল্লেখ করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর প্রকাশ্যে না এলেও আলোচনার গুঞ্জনের মধ্যেই এ ঘোষণা দিলেন ইরানি নেতা। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ এবং বিপরীতে ইরানি বন্দরে মার্কিন অবরোধের কারণে ওই অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে।




