কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতা-কর্মী চট্টগ্রামে গ্রেপ্তার


চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপনের জন্য আনা দুটি কেকও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— আহম্মদ হোসেন (৫৫), জাকের আহাম্মদ (৬০), জাফর আহাম্মদ (৩২), জমির উদ্দিন (২৮), রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) ও আজাদ মিয়া (১৮)। পুলিশ জানায়, তাঁদের মধ্যে আওয়ামী লীগের ২ জন, যুবলীগের ২ জন এবং ছাত্রলীগের ৪ জন কর্মী রয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, দলীয় প্রধানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।




