শ্রমিককে মারধরের অভিযোগ, চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রেইলরের এক শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, মারধর নয় বরং টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টস) প্রযুক্তিগত সমস্যার কারণে ডেলিভারি সাময়িক ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, বিকেলে বন্দর গেটে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোক্তারের সঙ্গে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মীর বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ রেখে ৪ নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেন, গেট পাস ও টসের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় শ্রমিক নেতাদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদেই বন্দরের সব ধরনের পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহমদ জানান, শ্রমিকদের আনুষ্ঠানিক কর্মবিরতির বিষয়ে তাঁদের জানা নেই। তবে টস-এর কারিগরি জটিলতার কারণে কার্গো ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে।

Related Articles

Back to top button