মিরসরাইয়ে ফার্মিক স্টিলের ফার্নেস দুর্ঘটনায় চীনা নাগরিকসহ আহত ৪


চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি শ্রমিক ও এক চীনা নাগরিক আহত হয়েছেন। সোমবার দুপুরে কারখানার অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ‘বয়লার বিস্ফোরণ’ ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছেন ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ। তিনি জানান, ফার্নেসের ত্রুটির কারণেই মুলত চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পুলিশ ক্যাম্প ও শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।




