জুলাই জাদুঘরের পাশে নাশকতার উদ্দেশ্যে রাখা ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাশকতার উদ্দেশ্যে মজুদ করা ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। গোপন সংবাদের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম সেগুলো নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেয়।

সোমবার রাতে রায়েরবাজারে সংবাদ সম্মেলনে এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, দুষ্কৃতকারীরা বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনায় ককটেল ও পেট্রোল বোমাগুলো জমা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সময়মতো তা উদ্ধার করায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতে নিষ্ক্রিয় না করে এগুলোকে এসআরবি-২ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে, যা পরদিন দিনের আলোয় নিষ্ক্রিয় করা হবে। কারা এসব বিস্ফোরক রেখেছে তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং ঘটনার পেছনে থাকা মূল চক্রকে খুঁজে বের করতে কাজ চলছে।

এলাকাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুষ্কৃতকারীরা সুযোগ নিচ্ছে উল্লেখ করে ডিআইজি নয়মুল হাসান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই স্থানের নিরাপত্তা জোরদার করা হবে যেন কেউ এটিকে অপরাধের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না পারে।

Related Articles

Back to top button