রাঙামাটিতে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ভারতীয় সিগারেট জব্দ


রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুটি অবৈধ ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
রোববার রাতে উপজেলার টিএনটি কলোনি মোড়-সংলগ্ন এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও শতাধিক সিগারেটের কার্টন উদ্ধার করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান অব্যাহত থাকবে।




