ময়মনসিংহে বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি, প্রতিদিন হাসপাতালে শতাধিক রোগী

ময়মনসিংহে কুকুর, বিড়াল ও বানরের কামড় এবং আঁচড়ে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিন শতাধিক মানুষ জলাতঙ্কের টিকা ও চিকিৎসা নিতে নগরের সূর্যকান্ত (এসকে) হাসপাতালে আসছেন।

আক্রান্তদের মধ্যে একটি বড় অংশই ১৫ বছরের কম বয়সী শিশু। হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের প্রথম আট মাসে ২০ হাজার ৭৩ জন চিকিৎসা নিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩,৫০৩ জন বেশি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এসকে হাসপাতালে বর্তমানে কুকুরের কামড়ের ভ্যাকসিন ও র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিনের কোনো সংকট নেই। প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে লোকজ চিকিৎসা না করে তাৎক্ষণিকভাবে সাবান-পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান ধোয়া এবং দ্রুত হাসপাতালে এসে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেলা প্রাণিসম্পদ কার্যালয় জানিয়েছে, কুকুরের টিকাদানের সরকারি কার্যক্রম বর্তমানে বন্ধ থাকলেও তা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button