দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো নৌ সদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া


নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে যথাযোগ্য সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানায়। প্রয়াত নৌসদস্যের মৃত্যুতে নৌবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে নিয়োজিত ব্যানএফএমইউ-১১ কন্টিনজেন্টে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরবর্তীতে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্তিরক্ষা মিশনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধান তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
২৭ সেপ্টেম্বর সকালে তাঁর মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর পৈতৃক নিবাস রাঙ্গামাটিতে নিয়ে যাওয়া হয়। আজ বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক-বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও স্বজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নৌসদস্যের স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটির নানিয়ারচরের রামহরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করা ট্রোম্যান খীসা ২০০৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগদান করেছিলেন।




