কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামিদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার নানা উপায় নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক বিকাশ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের আমল থেকে শুরু হওয়া পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তি আজ সময়ের সাথে আরও সুদৃঢ় হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, বিনিয়োগ ও জনশক্তি খাতে যৌথ কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

Related Articles

Back to top button