রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুর এলাকার একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে শ্যামপুর থানাধীন জুরাইন রেলওয়ে ব্রিজের নিচের একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের পরনে একটি হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে দীর্ঘ সময় পার হওয়ায় এবং লাশটি অর্ধগলিত রূপ নেওয়ায় পোশাকের মূল রং বোঝা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটি ১৬ বছর বয়সী এক কিশোরের মরদেহ বলে ধারণা করছে পুলিশ।

মরদেহের সুরতহাল পরিস্থিতি তুলে ধরে পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশের মাথার অংশ কঙ্কাল হয়ে গেছে এবং ডান কপালে একটি গভীর ফাটা চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করার কারণেই তার মৃত্যু হয়েছে। শরীরের অন্যান্য অংশও পচে বিকৃত হয়ে গেছে।

ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একগাছা চুল ও একটি রশি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে শ্যামপুর থানা পুলিশ।

Related Articles

Back to top button