ময়লা পানি পরিষ্কার নিয়ে বাকবিতণ্ডা, সূত্রাপুরে একে একে ঝরে গেলো ৩ প্রাণ

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় পারিবারিক বিরোধের জেরে কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় তানিয়া আক্তার (১৭) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।


এর আগে চিকিৎসাধীন অবস্থায় তানিয়ার মামাতো ভাই ইমন (২৫) ও মামা সিদ্দিক বেপারী (৫৫) মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, শ্যামবাজার চামারটুলি এলাকায় পৈতৃক সম্পত্তিতে তানিয়া ও ইমনরা পাশাপাশি বসবাস করতেন। গত শুক্রবার বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করাকে কেন্দ্র করে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে সুলতানা বিষয়টি মোবাইল ফোনে বিদেশে অবস্থানরত ভাইকে জানালে ইমন সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।

দেশে ফিরে এসে ইমন হুমকি দিয়ে বলেন, ‘নিজে তো মরব, সাথে সবাইকে নিয়ে মরব’। এরপর গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় রুমে ইমন, তার বাবা সিদ্দিক বেপারী ও তানিয়াসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বেলা ১১টা ৫০ মিনিটে মারা যান অগ্নিকাণ্ড ঘটানো ইমন (শরীরের ৯০ শতাংশ দগ্ধ)। পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মারা যান তার বাবা সিদ্দিক বেপারী (শরীরের ৩৫ শতাংশ দগ্ধ)।

সর্বশেষ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিয়া আক্তার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, তানিয়ার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

Related Articles

Back to top button