পিকআপ-পাখিভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি দ্রুতগামী পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাখিভ্যানের আরও ৩ জন যাত্রী। দুর্ঘটনার পর ঘাতক পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানাধীন নয়মাইল সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে দ্রুতগতির পিকআপের তীব্র সংঘর্ষ হয়। এতে পাখিভ্যানে থাকা শিশু ফাহিম ছিটকে সড়কে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পায়। একই সঙ্গে ভ্যানে থাকা অপর ৩ যাত্রী গুরুতর আহত হন।

আহত ব্যক্তিরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে মুমূর্ষু অবস্থায় শিশু ফাহিমকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহত ৩ জন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মারুফ রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় পিকআপসহ এর চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button