অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত আইনজীবীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা বারের আইনজীবীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কায়ইমুল হক রিংকু। বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম এবং কুমিল্লার সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট তারেক আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আইনজীবীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। এই মানবিক দিক বিবেচনা করে আসামিদের কোনো ধরনের আইনগত সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বহাল থাকবে বলেও জানানো হয়।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই ৪ জন মিলে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করে। ঘটনায় জড়িত চারজনকেই আটক করা হয়েছে এবং এদের মধ্যে তিনজন আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নির্মম এই হত্যাকাণ্ডটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

Related Articles

Back to top button