‘দিদি নম্বর ওয়ান’ সেটে শারীরিক অসুস্থতা, ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

ছোট পর্দায় প্রতিদিন টানা সঞ্চালনা করার নতুন অভিজ্ঞতার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে কণ্ঠস্বরে সমস্যা তৈরি হওয়ায় প্রতিযোগী ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন জনপ্রিয় এই অনুষ্ঠানের মূল সঞ্চালক ছিলেন রচনা ব্যানার্জি। তাঁর ছেড়ে যাওয়া স্থানে নতুন সঞ্চালক হিসেবে নিজেকে মানিয়ে নেওয়া এবং অনর্গল কথা বলার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন স্বস্তিকা। তবে শুটিং সেটের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, লাইটের তাপ এড়াতে কড়া এসি চালু রাখতে হয়, যার ফলে তাঁর ঠান্ড লেগে গলার আওয়াজ বদলে গেছে।

অনুষ্ঠান চলাকালে প্রতিযোগী ও দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।”

তিনি আরও জানান, সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে টানা এত কথা বলতে হয় না। তবে দৈনিক রিয়্যালিটি শো-তে দীর্ঘ সময় কথা বলতে গিয়ে গলায় বেশ চাপ পড়ে। তা সত্ত্বেও শারীরিক এই কষ্টকে দূরে ঠেলে দিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Related Articles

Back to top button